গাড়ি বিক্রিতে আবারও শীর্ষে টয়োটা
চলতি বছরের প্রথমার্ধে বিশ্বজুড়ে গাড়ি বিক্রিতে শীর্ষস্থান ধরে রেখেছে টয়োটা। জার্মান প্রতিদ্বন্দ্বী ফক্সওয়াগনকে ছাড়িয়ে টানা তৃতীয় বছরের মতো শীর্ষে রয়েছে জাপানি গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানটি। খবর কিয়োদো নিউজ।
খবরে বলা হয়, এ সময়ে বিশ্বজুড়ে চিপসহ যন্ত্রাংশ ঘাটতি এবং চীনে লকডাউনসহ বিভিন্ন প্রতিবন্ধকতায় বেশির ভাগ প্রতিষ্ঠানের গাড়ি বিক্রিতে পতন হয়েছে।
জাপানি গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানটি জানিয়েছে, জানুয়ারি-জুন সময়ে বিশ্বজুড়ে প্রায় ৫১ লাখ ৪০ হাজার ইউনিট গাড়ি বিক্রি হয়েছে। এর মধ্যে টয়োটা মোটর গ্রুপের ছোট যানবাহন প্রস্তুতকারক দাইহাতসু ও ট্রাক প্রস্তুতকারক হিনো মোটরসের বিক্রি অন্তর্ভুক্ত রয়েছে। সব মিলিয়ে এ সময়ে টয়োটার গাড়ি বিক্রি গত বছরের একই সময়ের তুলনায় ৬ শতাংশ কমেছে। এ নিয়ে দুই বছরের মধ্যে প্রথমবারের মতো সংস্থাটির গাড়ি বিক্রিতে পতন হয়েছে।
এমন ফলাফলের পর টয়োটার এক কর্মকর্তা বলেন, বিক্রির সংখ্যা কখনই আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার ছিল না। আমরা গাড়ির নিরাপত্তা ও মান উন্নয়নকে অগ্রাধিকার দিচ্ছি। আমরা আরও সুবিধা ও আরামদায়ক গাড়ি তৈরির প্রচেষ্টা অব্যাহত রেখেছি।
ডিবিটেক/বিএমটি